চট্টগ্রামের পশ্চিম মাদারবাড়ি এলাকা থেকে দুইটি বুলেটসহ সুলেন চাকমা (২৫) এক পাহাড়ী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৭টার দিকে পুলিশ তাকে আটক করে। আটকের পর সে নিজেকে রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমার কর্মী বলে দাবি করে। এবং একসময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) অঙ্গসংগঠন পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) কর্মী ছিলো বলেও জানায় পুলিশকে। আটককৃত সুলেন চাকমার বাড়ী রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পশ্চিম লাইল্যাঘোনা গ্রামে।

নগরীর সদরঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রুহুল আমিন জানান, সন্ধ্যায় নগরীর পশ্চিম মাদারবাড়ির টং ফকিরের মাজার এলাকা দিয়ে যাওয়ার সময় সুলেন চাকমার গতিবিধি সন্দেহ হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশী চালায়। এসময় তার কাছে দুটি বুলেট পাওয়া যায়। আটকের পর সে আমাদের জানিয়েছে বুলেট দুটি তাকে দিয়েছে রাঙামাটির প্রকাশ চাকমা। খবর নিয়ে জানা গেছে, প্রকাশ চাকমা রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

এ ব্যাপারে রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা বলেন, সুলেন চাকমা তার একই এলাকার ছেলে এবং ছোটবেলার বন্ধু । তবে বুলেটগুলো তার নয় দাবি করে তিনি বলেন, আমি কেন তাকে বুলেট দেবো। সে আমার স্কুল জীবনের ফ্রেন্ড। সে করে জেএসএস রাজনীতি, আর আমি বাংলাদেশ ছাত্রলীগ। পাহাড়ে আমাদের সাথে তাদের বিরোধ চলছে, সেটা সবাই জানে।

প্রকাশ চাকমা আরো বলেন, আমরা বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনসমূহ জননেতা দীপংকর তালুকদারের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে নানান কর্মসূচী পালন করে আসছি এবং এসব কর্মসূচীতে আমি নিয়মিত অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় জেএসএস চক্রান্ত করে সুলেনকে দিয়ে আমাকে ফাঁসাতে চাইছে বলেই মনে হচ্ছে।

মাসুম/ এমবিএইচ