খুলনা মহানগরীর জোড়াগেটের পশুর হাটে গরু ব্যাপারীদের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হন ৫ গরুর ব্যাপারী। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ৪ হামলাকারীকে আটক করেছে। তারা হলো সাইফুল, ইকবাল, বদিয়ার ও ইদ্রিস।
খালিশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ও হাটের ডিউটি অফিসার মো. শফিক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গরুর হাটের পাশের চায়ের দোকানের কাছে গরু বাঁধার খুঁটি পুতে রাখেন ব্যাপারীরা। এতে ক্ষুব্ধ হন ওই চায়ের দোকানি।
পরে চায়ের দোকানি তার লোকজন নিয়ে ব্যাপারীদের উপর হামলা চালায়, এ সময় আহত হন ৫ ব্যাপারী। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পাওয়া যায়নি।
এ ব্যাপারে খুলনা সিটি কর্পোরেশনের নিরাপত্তা কর্মকর্তা মো. আলমগীর কবির বিশ্বাস বলেন, যেহেতু পশুর হাটটি সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে। তাই যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে আমি বাদী হয়ে মামলা করার জন্য থানায় অবস্থান করছি।
কেএইচ





