ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ৩টার দিকে তাঁর গ্রামের বাড়ি নান্দাইলের রসুলপুর থেকে গ্রেফতার করে তাঁকে ময়মনসিংহের কোতোয়ালি থানায় পাঠানো হয়। সেখান থেকে আজ সোমবার সকালে তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয়।
আব্দুস সালাম নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সভাপতি ও ঈশ্বরগঞ্জ উপজেলার সরাতি হোছাইনীয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার হিসেবে কর্মরত।
নান্দাইল মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম ফরাজী ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, উপজেলার রসুলপুর এলাকার জনৈক আবুল খায়ের তাঁর জমি চাষে বাধা প্রদান, মারপিট করে ভূমি থেকে উচ্ছেদ এবং চাঁদা দাবি করার অভিযোগ এনে আব্দুস সালামের বিরুদ্ধে মামলা করেন গত শনিবার।
জানতে চাইলে মাওলানা আব্দুস সালামের স্ত্রী শারমীন সুলতানা অভিযোগ করে বলেন, মিথ্যে অভিযোগে সাজানো মামলা করে একজন জনপ্রিতিনিধিকে গ্রেফতার করা হয়েছে। তিনি দাবি করেন, আবুল খায়ের তাদের পূর্ব শত্রু। তিনি বিভিন্নভাবে তাদের পরিবারের ক্ষতি করে এলেও তাঁরা তাঁর বিরুদ্ধে কোন মামলা করেননি।
ঢাকা, ৪ আগস্ট (টাইমনিউজবিডি.কম) // জেআই





