ঢাকা: জঙ্গিবাদ এবং সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স। এছাড়া স্বাধীনতার বিপক্ষের শক্তিকে শক্ত হাতে দমন করা হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার গণভবনে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে দল জয়ী হওয়ার পর সাম্প্রতিক নির্বাচন ও নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিলেন তিনি।
শেখ হাসিনা বলেন, নির্বাচনের মাধ্যমে বিজয় হয়েছে গণতন্ত্রের। আর পরাজয় হয়েছে স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী শক্তির।
সন্ত্রাস, নির্যাতন, জঙ্গিবাদ প্রত্যাখ্যান করে জনগণ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় অভিনন্দন ও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
এছাড়া প্রিজাইডিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ যারা নির্বাচনে সহায়তা করেছে এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে যারা ভূমিকা রেখেছে তাদের সকলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।