গাজীপুরের শ্রীপুর উপজেলায় পাঁচ কারখানায় দাবিদাওয়া নিয়ে আন্দোলনকালে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
সোমবার বেতন ও হাজিরা বোনাস বৃদ্ধি এবং সরকার ঘোষিত সব ছুটি প্রদানের দাবিতে বিক্ষোভ শুরু করে নোমান শিল্প গ্রুপের পাঁচ কারখানার শ্রমিকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টায় তালহা স্পিনিং মিলসের বিক্ষুব্ধ শ্রমিকরা ওই কারখানায় ইটপাটকেল নিক্ষেপ ও কারখানার মূল গেইটে ভাংচুর চালায়।
বিক্ষুব্ধরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শরীফুল ইসলাম জানান, সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ প্রথমে লাঠিপেটা ও পরে পাঁচ রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
তিনি আরও জানান, তালহা স্পিনিং মিলস লিমিটেড ছাড়া অন্য সকল কারখানার শ্রমিকেরা তাদের নিজস্ব চত্বরে বিক্ষোভ অব্যাহত রেখেছিল।
বিক্ষুব্ধ শ্রমিকেরা অভিযোগ করে, কারখানা কর্তৃপক্ষ তাদের ১২ ঘণ্টা কাজ করিয়ে মাত্র আট হাজার টাকা বেতন দেয়। হাজিরা বোনাস দেয় প্রতি মাসে পাঁচশ টাকা। তা বাড়িয়ে আটশ টাকা করার দাবি করা হয়েছে।
নোমান শিল্প গ্রুপের শ্রীপুর জোনের মহাব্যবস্থাপক নাসিম উদ্দিন সরকার বলেন, শ্রমিকরা সরকার ঘোষিত ন্যূনতম মজুরি দাবি করছে। সরকার গার্মেন্ট সেক্টরে বেতন বাড়ালেও টেক্সটাইল সেক্টরে বেতন বাড়ানোর কোনো ঘোষণা না দেয়ায় তাদের দাবি অযৌক্তিক।
বিক্ষোভ ও কর্মবিরতি থামাতে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বেতন বাড়ানো হবে বলে জানান তিনি।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এসআর
[/b]