প্রধানমন্ত্রী শেখ হাসিনা রানা প্লাজার দুর্ঘটনায় নিহত আরো ৫৩ জনের আত্মীয়-স্বজনের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন।
বুধবার সকালে প্রধানমন্ত্রী তাঁর তেজগাঁও কার্যালয়ে এ ৫৩ জনের পরিবারের ৭৩ সদস্যের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। ডিএনএ পরীক্ষার মাধ্যমে এ ৫৩ জনের পরিচয় পাওয়া গেছে।
গত বছরের ২৪ এপ্রিল রানা প্লাজা দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী তাঁর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে এ পর্যন্ত মোট ২২ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৭’শ ২০ টাকা বিতরণ করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ এবং বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) সাইফুজ্জামান শিখর।
রানা প্লাজ দুর্ঘটনায় আহত ৭’শ ৭৭জনকে সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দিয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
এছাড়া এ দুর্ঘটনায় নিহতদের ১৪ অনাথ শিশু রাজশাহী ক্যাডেট কলেজ হোমে আশ্রয় ও শিক্ষার সুযোগ এবং আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে ১৭টি শিশু শিক্ষার সুযোগ পাচ্ছে।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]