[b]ঢাকা:[/b] নির্বাচনে মানুষের মধ্যে উৎসবের কোনো আমেজ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন পর্যবেক্ষণে আসা ভারতের ত্রিপুরা রাজ্যের প্রধান নির্বাচনী কর্মকর্তা আশুতোষ জিন্দাল।
রোববার দুপুরে রাজধানীর আজিমপুর গালর্স হাই স্কুল ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ভারতীয় এই পর্যবেক্ষক বলেন,ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও কোথাও কোনো সহিংসতা আমার চোখে পড়েনি। তবে মানুষের মধ্যেও উৎসবের আমেজ নেই।
সারাদেশে দশম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বিদেশী পর্যবেক্ষক আছেন মাত্র চারজন।
ভারত থেকে এসেছেন দেশটির নির্বাচন কমিশনের পরিচালক বি বি গার্গও এবং ত্রিপুরার প্রধান নির্বাচনী কর্মকর্তা আশুতোষ জিন্দাল।
ভুটান থেকে এসেছেন দেশটির নির্বাচন কমিশনের ভোটার নিবন্ধন ও সীমানা পুনর্নির্ধারণ বিভাগের পরিচালক সোনম তবগাইয়াল এবং দেশটির নির্বাচনী তহবিল বিভাগের ম্যানেজার তাশি দর্জি।