হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ির গভীর অরণ্য এলাকায় অভিযান অব্যাহত রেখেছে র‌্যাব। র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প এর কমান্ডিং অফিসার (সিও) সানা শামীনুর রহমান শনিবার বিকালে সাতছড়িতে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, আরও কয়েকদিন সাতছড়ির গভীর অরণ্যে অভিযান চালানো হবে। কোন কিছু পাওয়া গেলে সাংবাদিকদের জানানো হবে। ইতোপূর্বে অস্ত্র ও বিস্ফোরক আইনে দায়ের করে মামলায় উদ্ধার করা অস্ত্রের সঙ্গে কোনো সম্পৃক্ততা না পেলে সাতছড়ির লোকজনকে হয়রানী করা হবে না।
গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব রবিবার রাত থেকে সাতছড়িতে অভিযান চালায়। শনিবার পর্যন্ত ওই এলাকায় ৩টি বারাক ও ৮টি কূপের সন্ধান পাওয়া যায়। এর মধ্যে দুইটি কূপ থেকে ৪টি মেশিনগানসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে র‌্যাব।
এ ঘটনায় র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের ডিএডি সামীউল ইসলাম বাদী হয়ে চুনারুঘাট থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে অজ্ঞাতদের আসামি করে দুইটি মামলা দায়ের করেন।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]