কুমিল্লায় এক বিজিবি সদস্য হত্যা মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৩২ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছে আদালত। কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অম্লান কুসুম জিষ্ণু মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ১০ম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ২৫ নভেম্বর রাতে মহানগরীর মনোহরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয় ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন। পরদিন ২৬ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় তার দাফন নিয়ে মহানগরীর চর্থা এলাকায় পুলিশ-বিজিবি সদস্যদের সঙ্গে বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর সংঘর্ষ হয়। এতে বিজিবি সদস্য রিপন মিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বাদী হয়ে ৮১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই ১ থেকে ৮ নম্বর এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে চলতি বছরের ২৮ জানুয়ারি ওই মামলার ৩৯ আসামি হাইকোর্ট থেকে অগ্রিম অন্তর্বর্তীকালীন জামিন নেন।
২৫ ফেব্রুয়ারি ওই জামিনের মেয়াদ শেষ হয়। কিন্তু এরপর ওই ৩৯ আসামি আর জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেননি। ৩৯ জনের মধ্যে ৩২ জন মঙ্গলবার পুনরায় জামিনের জন্য আদালতে হাজির হলে আদালত তাদের জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করেন।
[b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]