[b]দুবাই[/b]: পাকিস্তানের বিপক্ষে দুবাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। কম স্কোর তাড়া করতে বেশি সময় লাগেনি দলটির। মাত্র এক উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় অ্যাঞ্জেলো ম্যাথুসের দল।
রোববার পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ হলে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দিমুথ করুনারত্নে ও কৌশল সিলভার ফিফটিতে সহজ জয় পায় লঙ্কানরা। জয় নিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ হন কৌশল, ১৩৪ বল মোকাবিলা করে ৫৮ রানে আজমলের শিকার হন তিনি। দিমুথ ৬২ রানে অপরাজিত থাকেন। অপর প্রান্তে জয়সূচক শটটি খেলে ৯ রানে টিকে ছিলেন কুমার সাঙ্গাকারা।
দুবাইর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ দিনে ৩৩০ রান নিয়ে খেলা শুরু করে পাকিস্তান। হাতে ছিল তিনটি উইকেট। কিন্তু দলের রানের খাতায় মাত্র ২৯ রান যোগ করতেই ইনিংস ঘুটিয়ে যায় তাদের।
আগের দিনের ৭০ রান নিয়ে খেলা শুরু করা সরফরাজ আহমেদ আউট হন ৭৪ রান করে। সাত রান নিয়ে খেলা শুরু করা সাঈদ আজমল করেন ২১ রান। এই ইনিংসে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৯৭ রান করেন মিজবাহ উল হক। এছাড়া ইউনিস খানের ৭৭ রান উল্লেখযোগ্য।
এর আগে প্রথম ইনিংসে ১৬৫ রানেই অল আউট হয়ে যায় পাকিস্তান। জবাবে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৮৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
আবুধাবি টেস্টটি ড্র হওয়ায় সিরিজটি ড্র করার সুযোগ আছে পাকিস্তানের। ১৬ জানুয়ারি তৃতীয় ও শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে মিজবাহরা।