[b]মাদ্রিদ:[/b] একদিন আগে দলে ফিরেই জোড়া গোল করেছেন বার্সা তারকা লিওনেল মেসি। সেই সঙ্গে দলও জিতেছিল ৪-০ গোলে। তাই বৃহস্পতিবার রাতে রোনালদো ভক্তদের নজর ছিল রিয়ালের ম্যাচটির দিকে। তাদের আশা ছিল মেসিকে জবাব দিবেন রোনালদো। কিন্তু আশাহত হতে হল তাদের। তবে হেরে যায়নি দল। জেসি রদ্রিগেজ ও করিম বেনজেমার গোলে কোপা ডেল রে'র শেষ-১৬'র প্রথম লেগে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
বৃহস্পতিবার স্যান্টিয়াগো বার্নব্যুতে ওসাসুনাকে আতিথেয়তা দেয় কোচ কার্লো আনচেলোত্তির শিষ্যরা। তাদের জালে দুই বার জড়িয়ে দিয়ে অন্য রকম আপ্যায়ন করল তারা। সেই সঙ্গে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে নিজেদেরকে এক ধাপ এগিয়ে রাখলো রোনালদোরা। ফলে ওসাসুনার মাঠে ম্যাচটি ড্র করলেও পরের রাউন্ডে খেলতে পারবে লস ব্লানকোসরা।
ম্যাচের শুরু থেকেই মাঠে ছিলেন রোনালদো। কিন্তু তেমন কোনো চমক দেখাতে পারেননি তিনি। ৬১ মিনিটে গোল করতে দারুণ সুযোগ পেলেও গোলপোস্টের বাহির দিয়ে চলে যায় তার কিক করা বল।
রোনালদো না পারলেও ঠিকই দলকে জয়ের পথে নিয়ে যান বেনজেমা। খেলার ১৮ মিনিটেই লুক মড্রিকের ফ্রি-কিক করা বল হেড করে অতিথিদের জালে জড়িয়ে দেন তিনি।
১-০ তে এগিয়ে থেকেই বিরতির পর মাঠে নামে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধেও আরো এক গোল করে তারা। ৫৯ মিনিটে দলের লিডকে ডাবলে নিয়ে যান জেসি রদ্রিগেজ। পরে আর কেউ গোল গোলের দেখা না পাওয়ায় ২-০ তেই শেষ হয় লড়াই।