ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে মিঠুনের হ্যাটট্রিকে বড় ব্যবধানে জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বারিধারা ক্লাবকে ৪-০ গোলো হারায় তারা।

খেলার ৩৩ মিনিটে গোলের সূচনা করেন মিঠুন চৌধুরী। বাম প্রান্ত থেকে উরুগুয়ের মিডফিল্ডার ফ্রান্সিকোর নেওয়া ফ্রি কিক থেকে বিপদ সীমানায় বল পেয়ে নিশানাভেদ করতে ভুল করেননি তিনি।

প্রথমার্ধের খেলার বিরতির বাঁশি বাজানোর কয়েক সেকেন্ড আগে ইনজুরি টাইমে উত্তর বারিধারা গোলরক্ষক ওসমান গণিকে কাটিয়ে ব্যবধান দ্বিগুন করেন মিঠুন চৌধুরী। এই গোলে অবদান রাখেন জুয়েল রানা।

বিরতির পর ৫১ মিনিটে মিঠুনের পাস থেকে রিকাডো করেন আরো এক গোল। ৬৩ মিনিটে কড়া পাহারার মধ্যে থেকেও নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মিঠুন। সেই সাথে লিগের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক পেয়ে যান এই স্ট্রাইকার।

শনিবার বিকেল পাঁচটায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মাঠে নামবে।