নোয়াখালীতে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আরও ২ জন নিহত হয়েছেন।
গতকাল শনিবার ভোর সাড়ে চারটার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর উড়িরচরে এ ঘটনা ঘটেছিল।
র‌্যাবের দাবি, নিহত ব্যক্তিরা জলদস্যু জাসু বাহিনীর প্রধান শাহদাত হোসেন ওরফে জাসুর ঘনিষ্ঠ দুই সহযোগী। নিহত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাছুয়া গ্রামের মো. জাবেদ (২৮) ও উত্তর উড়িরচরের মো. সুমন (২৬)।
র‌্যাবের অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) গতকাল বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে ‘বন্দুকযুদ্ধের’ এসব তথ্য জানায়। এ সময় র‌্যাব-১১-এর মেজর সাহেদ হোসেন রাজিব জানান, ১ এপ্রিল রাত ১১টা দিকে দুর্গম উড়িরচরের জলদস্যু বাহিনীর সদস্য ও সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান শুরু হয়। অভিযানের তৃতীয় দিন ৩ এপ্রিল ভোরে ‘বন্দুকযুদ্ধে’ জাসু বাহিনীর প্রধান জাসু (৩৮) নিহত হন। এরপর স্থানীয় ভূমিহীন আবাসনপল্লির একটি পরিত্যক্ত ঘরে জাসু বাহিনীর অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় র‌্যাব।
সংবাদ ব্রিফিংয়ে আরও বলা হয়, গতকাল ভোরে ওই এলাকায় অভিযানে গেলে জলদস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি করে। দুই পক্ষের মধ্যে এই বন্দুকযুদ্ধ অন্তত ৪৫ মিনিট ধরে চলে। পরে র‌্যাব ওই এলাকায় তল্লাশি চালিয়ে জাবেদ ও সুমনের লাশ এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে: দুটি একে-৪৭ এসএমজি, ১৮টি একনলা বন্দুক, একটি দোনলা বন্দুক, ২৪৭টি ৭.৬৫ মি.মি. গুলি, রাইফেলের ৮৮টি গুলি, ২৯টি পিস্তলের গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন, একটি বুলেটপ্রুফ জ্যাকেট প্রভৃতি।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে এ পর্যন্ত পুলিশ ও র‌্যাব সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এ নিয়ে শতাধিক মানুষ নিহত হলেন।

[b]ঢাকা, ৬ এপ্রিল,(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]