অবসরে পাঠানো র‌্যাবের ৩ কর্মকর্তাকে ধরতে আইনি প্রক্রিয়া চলছে। তাঁরা নজরদারিতে আছেন, শিগগিরই গ্রেফতার হবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।
সোমবার বিকালে সচিবালয়ে জঙ্গিবাদ বিষয়ে এক বৈঠক হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
ওই ৩ কর্মকর্তা হলেন র‌্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান লে. কমান্ডার এম এম রানা।
এই ৩ জনকে ধরতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো নির্দেশ দিয়েছে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আইনি প্রক্রিয়া চলছে, মানে আমরা কাজ শুরু করেছি। আমাদের কাছে হাইকোর্টের নির্দেশ আছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।’
নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় প্রধান আসামি নূর হোসেন ভারতে চলে গেছেন, এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশ হওয়া প্রসঙ্গে জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এ বিষয়ে যাঁরা বক্তব্য দিয়েছে তাঁরা জানেন। আমরা তাঁকে গ্রেফতার করবই।’
নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনার পর অবসরে পাঠানো র‌্যাবের সেই ৩ কর্মকর্তাকে গ্রেফতারের তাত্ক্ষণিক ব্যবস্থা নিতে গতকাল স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দণ্ডবিধি বা বিশেষ ক্ষমতা আইনে তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া না গেলে তাঁদের ৫৪ ধারায় গ্রেফতার করার নির্দেশ দেন হাইকোর্ট।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]