ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর, কেন্দ্র দখলের চেষ্টা, ব্যালট পেপার ছিনতাই, পুলিশের গুলি, পোলিং এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন সহিংসতার মধ্য দিয়ে উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে আজ শনিবার ভোট গ্রহণ শেষ হয়েছে।
ভোট চলাকালে সহিংসতায় বাগেরহাট সদর উপজেলায় ইসলামী ছাত্রশিবিরের এক কর্মী নিহত হয়েছেন। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় একটি কেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রিপন মাঝি নামের একজন পোলিং এজেন্ট। এছাড়া নেত্রকোনায় বিএনপি কর্মী মারা গেছেন।
গোলযোগের কারণে কুমিল্লার তিতাস উপজেলার একটি, যশোরের মনিরামপুর উপজেলার একটি, ফেনীর দাগনভূঞা উপজেলার দুটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। এ ছাড়া কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার একটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলার ও কিশোরগঞ্জের কুলিয়ারচরের একটি করে কেন্দ্রে এবং যশোরের মনিরামপুরে পুলিশ গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দেশের ৮১টি উপজেলায় সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
স্থানীয় সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ছিনতাই হওয়া কিছু ব্যালট পেপার পাশের একটি বাজারে পাওয়া গেছে।
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা নির্বাচনে ভূমখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা আড়াইটার দিকে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রে ১৮টি গুলি ছুড়েছে পুলিশ। এ সময় গুলিবিদ্ধ হয়ে রিপন মাঝি (২৬) নামের একজন পোলিং এজেন্ট নিহত হন। তিনি আওয়ামী লীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেনের পোলিং এজেন্ট ছিলেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার এহসান সাহার দাবি, রিপন পুলিশের গুলিতে নিহত হননি।
বাগেরহাটে শিবির কর্মী নিহত
বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় কেন্দ্রের কাছে সকালে প্রতিপক্ষের হামলায় মাঞ্জারুল ইসলাম নামের ইসলামী ছাত্রশিবিরের এক কর্মী নিহত হয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ আবদুল ওয়াদুদ অভিযোগ করে বলেন, ১৯ দলের প্রার্থীদের পক্ষে কাজ করায় আওয়ামী লীগের কর্মীরা মাঞ্জারুলকে হত্যা করেছেন।
কুড়িগ্রামে ব্যালট ছিনতাই
কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ নির্বাচনে হলোখানা দ্বিমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভাঙচুর ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ দুটি ফাঁকা গুলি ছোড়ে। ওই কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল।
মনিরামপুরে পুলিশের গুলি, ভোট স্থগিত
যশোর জেলার মনিরামপুর উপজেলার হাজরাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। কয়েকজন দুর্বৃত্ত হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনতাই করার পর ওই কেন্দ্রে ভোট নেওয়া স্থগিত করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪৭ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ।
বরিশালের বাবুগঞ্জে কেন্দ্র দখল, সংঘর্ষ পোলিং কর্মকর্তার সামনে সকাল সাড়ে ১০টায় সিল মারা ব্যালট পেপার পড়ে থাকতে দেখা যায়। ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের সুজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে এমন চিত্র দেখা যায়।
বরিশালের বাবুগঞ্জ সদর উপজেলায় কেন্দ্র দখল, প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারা, আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও পুলিশের গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে। কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার নুরুল হক জানিয়েছেন, তাঁদের বুথ থেকে ৬৬টি ব্যালটে সিল মেরে ব্যালট বাক্সে ঢুকিয়েছে সন্ত্রাসীরা।
চন্দনাইশে প্রার্থীর গাড়িতে হামলা
চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় ১৯-দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ আবদুল জব্বারের গাড়িতে সকালে হামলা হয়েছে। এতে গাড়ির চালকসহ সাতজন আহত হয়।
তিতাসে ভোট গ্রহণ স্থগিত
কুমিল্লার তিতাস উপজেলার কালাই গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে কিছু লোক কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে জোর করে সিল মারার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা বলেন, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী পারভেজ হোসেন সরকারের পক্ষের লোকজন এসে ব্যালট পেপারে সিল মেরে তা বাক্সে ঢোকাচ্ছিলেন।
দাগনভূঞায় পুনর্নির্বাচনের দাবি
ফেনীর দাগনভূঞা উপজেলা নির্বাচনের তিন চেয়ারম্যান পদপ্রার্থী প্রহসনের নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবি করেছেন। একই দাবি ছয়জন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও দুজন নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর। পৃথক সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, বহিরাগত সন্ত্রাসী দিয়ে ভোটকেন্দ্র দখল, ভোট ডাকাতি, লুট ও ব্যাপক বোমাবাজি, পথে পথে ভোটারদের বাধাদান এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের নিষ্ক্রিয়তার ঘটনা ঘটেছে এই নির্বাচনে। গোলযোগের কারণে পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের দরাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিন্দুরপুর ইউনিয়নের অলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
কুলিয়ারচরে ভোট বন্ধ, ১৪৪ ধারা
উপজেলা নির্বাচন চলাকালে কিশোরগঞ্জের কুলিয়ারচরের বড়চারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। ওই কেন্দ্রে ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে আজ শনিবার বেলা সোয়া দুইটার দিকে এই সিদ্ধান্ত নেয় প্রশাসন।
চাঁদপুরের কচুয়া উপজেলার তুরপাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী সমর্থিত প্রার্থীর লোকজন বিএনপি সমর্থিত এজেন্টদের বের করে দিয়েছেন বলে অভিযোগ তুলেছেন তারা।
নোয়াখালীর সেনবাগ উপজেলার পশ্চিম ছাতারফাইয়া দারুল উলুম কওমি মাদ্রাসা কেন্দ্রে আজ একটি ভোটকেন্দ্র দখলের চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। দুপুর পৌনে ১২টার দিকে ২৫-৩০ জনের একটি দল লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে কেন্দ্র দখল করতে যায়। এ সময় তারা বেশ কিছু ব্যালট পেপার ও ভোট দেওয়ার সিল ছিনিয়ে নিয়ে যায়। এরপর থেকে ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রয়েছে।
শরণখোলায় ভোট বর্জন
বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাচনে ভোট বর্জন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মতিয়ার রহমান খান। পোলিং এজেন্টদের কোনো ভোটকেন্দ্রে ঢুকতে না দেয়া এবং আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের জাল ভোট দেওয়ার প্রতিবাদে এবং নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে তিনি এ ঘোষণা দেন।
সীতাকুণ্ডে সহিংসতা
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার তেরিয়াল বাজার এলাকায় বিএনপি ও জামায়াতের তিনজন কর্মীর বাসা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আগুন দিয়েছে একটি কারখানায়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছে।
শরীয়তপুরে দুই প্রার্থীর ভোট বর্জন
শরীয়তপুর সদর উপজেলা নির্বাচনে আজ শনিবার ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি-সমর্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আওয়ামী-সমর্থিত প্রার্থী আবুল হাসেম তফাদারের বিরুদ্ধে উপজেলার ৫৮টি কেন্দ্রে নিজেদের এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ এনেছেন বিএনপি-সমর্থিত ওই দুই প্রার্থী।
দেওয়ানগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরবাদ উচ্চবিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ কারণে ওই ভোটকেন্দ্রে আধা ঘণ্টা ভোট গ্রহণ স্থগিত রাখা হয়।
বরিশালে ভোট বর্জন
বরিশালের মুলাদী উপজেলা নির্বাচনে আজ শনিবার বিএনপি-সমর্থিত ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল ও কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনেছেন তাঁরা।
[b]ঢাকা, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
শ্রেণীহীন
সহিংসতার ভোটগ্রহণ শেষ, নিহত ৩, ভোট বর্জন ৬ উপজেলায়
ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর, কেন্দ্র দখলের চেষ্টা, ব্যালট পেপার ছিনতাই, পুলিশের গুলি, পোলিং এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন সহিংসতার মধ্য দিয়ে উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে আজ শনিবার ভোট গ্রহণ শেষ হয়েছে।





