ঢাকা: আগামী শুক্রবার দেশব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে এবং ইসলামী আন্দোলনের মহাসমাবেশ করতে অনুমতি না দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ ইউনুস,যুগ্ম মহাসচিব মোহাম্মদ আতাউর রহমান,ঢাকা মহানগরীর সভাপতি এ টি এম হেমায়েত উদ্দিন প্রমুখ।





