[b]ঢাকা:[/b] শিরোনাম করা হয়েছে পপ সম্রাজ্ঞী মমতাজের একটি গানের কলিকে। 'শেখ হাসিনা' নামের মমতাজের একটি গানসমৃদ্ধ অ্যালবাম বাজারে আসছে শীঘ্রই। অ্যালবামটির নাম 'বঙ্গবন্ধু হাসিনার জয়'।
সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্তুতি গেয়েছেন আওয়ামী লীগের এই সাংসদ। কিছুদিনের মধ্যেই মমতাজের দরাজ গলায় শোনা যাবে 'শেখ হাসিনা' গানটি।
‘শেখ হাসিনা’ গানটির কথাগুলো হলো:
‘হায়রে বাঙালি তোরা বুঝবি রে সেদিন
শেখ হাসিনা তোদের মাঝে থাকবে না যেদিন।
শেখ হাসিনার জন্যই আছে
মুক্তিযুদ্ধের চেতনা
তা না হলে ওসব কথা
বলাই যেত না।
করে দ্যাখ লক্ষ্য
কে পক্ষ কে বিপক্ষ
দাঁত হারিয়ে দাঁতের মর্ম
বুঝবিরে একদিন-
শেখ হাসিনা তোদের মাঝে থাকবে না যেদিন।'
অ্যালবামটিতে মোট আটটি গান থাকছে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার নাতি সজীব ওয়াজেদ জয়কে নিয়েও গান রয়েছে। অ্যালবামের সবগুলো গানের কথা ও সুর করছেন হাসান মতিউর রহমান।
‘শেখ হাসিনা’ গানটি সম্পর্কে মমতাজ বলেন,“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,জননেত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়কে নিয়ে অনেক আগে থেকেই অ্যালবাম করার ইচ্ছা ছিল। তবে এমন ব্যক্তিদের নিয়ে অ্যালবাম করতে হলে বেশ গবেষণা করে গানের কথা সাজাতে হয়। তাই একটু বেশি সময় লেগেছে। কিছু দিনের মধ্যেই ভক্ত শ্রোতাদের হাতে অ্যালবামটি তুলে দেব। আশা করছি অ্যালবামের গানগুলো সবার ভালো লাগবে।”
দশম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন শিল্পী মমতাজ। নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় বেশ কয়েক মাস ধরে গান থেকে কিছুটা দূরে ছিলেন তিনি।
তবে নির্বাচন শেষ হয়ে যাওয়াতে আবারো গানে নিয়মিত হওয়ার ঘোষণা দিয়েছেন মমতাজ।
টাইম নিউজ/এসএমএ