বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিকে সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে বলে জানালেন বিজিবির চট্টগ্রাম অঞ্চলের রিজনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমদ আলী। আজ (রোববার) সকালে নাইক্ষ্যাংছড়ি সীমান্তের সাথে সাংবাদিকদের এক ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।  
মিয়ানমারের সীমন্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে নিহত বিজিবি সদস্য মিজানুরের লাশ হস্তান্তর বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে এ কথা বলেন সৈয়দ আহমদ আলী।
তিনি বলেন, প্রতিবেশীদের সাথে আমরা সবসময়ই শান্তি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করে চলতে চাই। কিন্তু নিজেদের ক্ষতি করে কখনোই বন্ধুত্ব বজায় রাখার পক্ষে আমরা নই। যখনই কারো কাছে থেকে কোন আঘাত পাব তা প্রতিহত করার জন্য আমরা সর্বদা প্রস্তুত।
সীমান্তের সবশেষ পরিস্থিতি জানতে চাইলে কমান্ডার আহমদ আলী বলেন, আমাদের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে, পর্যাপ্ত সরঞ্জামাদি প্রস্তুত রয়েছে এবং আমরা তাদের পাশে আছি।
যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের পর্যাপ্ত প্রশিক্ষণ আছে-এমন মন্তব্য করে বিজিবি কমান্ডার আরও বলেন, আমাদের সীমান্ত রক্ষায় আমরা বদ্ধ পরিকর।
মিয়ানমারের সীমান্তরক্ষী বিজিপি কেন এমন ঐদ্ধত্বপূর্ণ আচরণ করলো-এমন এক প্রশ্নের জবাবে কমান্ডার আহমদ আলী আরও বলেন, বিজিপি কেমন, তাদের আচরণ তাদের নিজেদের দেশের ভেতরেই বা কেমন, সেই তথ্য যাচাই করলেই আপনারা বুঝতে পারবেন তারা কেন এমন আচরণ করলো।
বিজিবি সদস্য মিজানুরকে হত্যা ও তার লাশ নিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বিজিপি অনেক বাহানা করেছে-এমন অভিযোগ এনে এই বিজিবি কর্মকর্তা বলেন, আগামী ৫ জুন দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হবার কথা রয়েছে, সেখানে বিজিপির কাছে জবাবদিহি চাওয়া হবে।
কমান্ডার আহমদ আলী বলেন, বাংলাদেশের মাটিতে আমরা যেমন কোন সন্ত্রাসীর স্থান দেই না, এখানে বসে অন্যদেশের ক্ষতি করার সুযোগ যেমন কোন সন্ত্রাসী পায় না, তেমনি অন্যদের দ্বারাও আমাদের সীমান্তকে ক্ষতিগ্রস্ত করতে আমরা দেব না।
এদিকে, নিহত বিজিবি সদস্য মিজানুর রহমানের পরিবারকে বিজিবির পক্ষ থেকে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হবে বলেও জানান কমান্ডার আহমদ আলী। তিনি বলেন, মিজান অত্যন্ত সাহসী ছিলেন। সীমান্তের একেবারে জিরো পয়েন্টের কাছে পজিশন নিয়ে থাকাকালে তাকে হত্যা করা হয়েছে। বিজিপির অতর্কিত হামলার মুখেও একচুল নড়েননি মিজান।
[b]ঢাকা, ০১ জুন (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]