প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- দেশের বৃহত্তম ক্যান্সার হাসপাতাল উদ্বোধনের মধ্যদিয়ে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার নব দিগন্তের সূচনা হলো।
বুধবার সকালে রাজধানীর উত্তরায় আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। [img]http://www.timenewsbd.com/contents/public/201404/1397042465.jpg[/img]
শেখ হাসিনা বলেন, আমি আশা করবো, সাধারণ মানুষ, বিশেষ করে ক্যান্সার রোগীরা যাতে অতি সহজে এবং কম খরচে এখানে চিকিৎসার সুযোগ পায় সেদিকে হাসপাতাল কর্তৃপক্ষ সার্বক্ষণিক দৃষ্টি রাখবে।
প্রধানমন্ত্রী বলেন, ক্যান্সার ও সাধারণ- উভয় প্রকার রোগীর চিকিৎসার ক্ষেত্রে আগামীতেও এ হাসপাতালের উন্নয়নমূলক কর্মকান্ডে অতীতের মত সরকারের পক্ষ থেকে সব ধরণের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রী এ প্রতিষ্ঠানটিকে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে একটি অত্যাধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ জানান।[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1397042489.jpg[/img]
তিনি বলেন, ‘আসুন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে জনগণের কল্যাণে দেশকে এগিয়ে নিয়ে যেতে সবাই একত্রে কাজ করি, তাহলেই বিশ্ব দরবারে বাংলাদেশের মাথা উঁচু হবে’।
প্রধানমন্ত্রী  বলেন, ঢাকা আহ্ছানিয়া মিশন প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা, স্বাস্থ্য, জীবন-জীবিকা, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
শেখ হাসিনা বলেন, ‘মিশন দ্বারা নির্মিত দেশের বৃহত্তম এই ক্যান্সার হাসপাতাল, ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে একটি বিশাল সুযোগ তৈরি করেছে’।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী, সাবেক মন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন এবং ঢাকা আহছানিয়া মিশনের উপদেষ্টা ও আহছানিয়া মিশন ক্যান্সার এ্যান্ড জেনারেল হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার রফিকুল হক।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]