আন্তর্জাতিক আল-কুদস সপ্তাহ উপলক্ষে ইসলামপ্রিয় মানুষের প্রতি কয়েকটি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান।

সংবাদমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তিনি নিম্নোক্ত আহ্বান জানিয়েছেন-

১) আমরা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি মসজিদে আকসাকে মুসলিমদের প্রথম কিবলা হিসেবে নির্ধারণ করেছেন। আমরা তার সম্মানিত রাসুলের জন্য দরুদ পাঠ করছি, যিনি ছিলেন মীরাজে গমনকালীন পবিত্র এই মসজিদে নবীগণ ও রাসুলগণের ইমাম।

২) বায়তুল মুকাদ্দাস বা মাসজিদে আকসা মুসলমানদের শ্রদ্ধা ও সম্মানের স্থানে পরিণত হয়েছে। এই অঞ্চলটি অনেক নবীর স্মৃতির সাথে জড়িত। দীর্ঘকাল এই জায়গাটি ছিল ওহীর ভূমি, ইসলামের কেন্দ্রস্থল, ইসলামী সংস্কৃতির চারণভূমি এবং ইসলাম প্রচারের কেন্দ্র। এই পবিত্র ভূমির প্রতি ভালোবাসা প্রতিটি বিশ্বাসীর হৃদয়ে গভীরভাবে প্রোথিত।

৩) সাম্রাজ্যবাদী ও উপনিবেশিক শক্তি সাম্প্রদায়িক ইহুদী জায়নবাদীদের কুমন্ত্রণা দিয়ে ফিলিস্তিনিদের অধিকারহরণ করে যাচ্ছে। তারা শহর ও গ্রাম থেকে মুসলিমদের হত্যা এবং পাশবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে। প্রতিদিন নিরীহ ফিলিস্তিনিদের হত্যা, আহত, আটক ও গৃহহারা করে যাচ্ছে।

৪) বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদা ফিলিস্তিনি জনগণকে সমর্থন করে। আমরা ফিলিস্তিনি অধিকারের পক্ষে এবং ইসরাইলী দখলের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ করেছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী বরাবরই ফিলিস্তিনিদের নির্যাতন বন্ধের জোর দাবি জানিয়ে আসছে।

৫) আমরা জেনে খুশি হবেন যে, ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত করার জন্য বিদেশে ফিলিস্তিনি উলামা সমিতি ৮ থেকে ১৪ মার্চ পর্যন্ত ‘আন্তর্জাতিক আল-কুদস সপ্তাহ’ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই ও সফলতা কামনা করি। জেরুসালেম সপ্তাহকে সফল করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

প্রেস বিজ্ঞপ্তি

এমআর