বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারি সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেছেন, মরহুম আমিনুল ইসলাম ছিলেন ইসলামী আন্দোলনের অগ্রসৈনিক।

তিনি দেশকে ইসলামী আদর্শের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখতেন এবং জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে অবিচল ছিলেন। তার অকাল মৃত্যুতে ইসলামী আন্দোলনের যে ক্ষতি হয়েছে তা সহজেই পুরণীয় নয়।

তিনি মরহুম আমিনুল ইসলামের স্বপ্ন বাস্তবায়নে সকলকে সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

তিনি আজ রাজধানীর হাজারীবাগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর হাজারীবাগ থানা আয়োজিত মরহুম কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলামের রূহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

থানা আমির আবু জারিফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন ও শুরা সদস্য শেখ শরীফ উদ্দীন আহমদ।

উপস্থিত থানা সেক্রেটারি আব্দুর রহমান, জামায়াত নেতা খন্দকার মনিরুজ্জামান আজম, মরহুমের একমাত্র ছেলে ইঞ্জিনিয়ার শহীদুল্লাহ ও জামাতা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

মঞ্জুরুল ইসলাম ভূ্ইঁয়া বলেন, দেশে এখন ক্রান্তিকাল চলছে। ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে একের পর এক হত্যা করে দেশকে মেধা ও নেতৃত্বশুণ্য করার ষড়যন্ত্র করা হচ্ছে।

সরকারের বিরাজনীতিকরণের ধারাবাহিকতায় জামায়াত-শিবিরের হাজার হাজার নেতাকর্মীসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের কারারুদ্ধ করে রাখা হয়েছে। মূলত সরকার ভিন্নমতকে পেশীশক্তির মাধ্যমে দমন করে দেশে আবারও একদলীয় বাকশালী শাসন কায়েম করতে চায়।

জাতির এই সংকটময় সন্ধিক্ষণে মরহুম আমিনুল ইসলামে মত যোগ্য নেতৃত্বের খুবই প্রয়োজন ছিল। তাই ইসলামী আন্দোলনের কর্মীদেরকে শোককে শক্তিতে পরিণত করে ইসলামী আন্দোলনকে গতিশীল ও বেগবান করতে হবে।

এসএইচ