আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উচ্চ আদালতে ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পুরান ঢাকার নাজিমুদ্দীন রোডের কারাগারে বন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বের হয়ে জয়নুল আবেদীন এ কথা জানান।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আরো বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে আমরাও আশা করছি রোববার উচ্চ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার জামিন আবেদনে তিনি ন্যায়বিচার পাবেন। কারণ এটি জামিনযোগ্য মামলা।’

খালেদা জিয়ার এ আইনজীবী বলেন, ‘আজ আমরা বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছি। এক ঘণ্টা পাঁচ মিনিট উনার সাথে সাক্ষাতের সুযোগ পেয়েছি। এ সময় মামলা, জামিন ও আইনি বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আমরা আশা করছি, আগামী রোববার উচ্চ আদালত তাঁকে জামিন দেবেন।’

জয়নুল আবেদীন বলেন,  খালেদা জিয়ার মনোবল অত্যন্ত শক্ত আছে। তিনি আত্মবিশ্বাসী যে, তিনি ন্যায়বিচার পাবেন উচ্চ আদালতে।

জ্যেষ্ঠ এ আইনজীবী আরো বলেন,  খালেদা জিয়া একজন সম্মানিত ব্যক্তি। তিনি নিজে আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আগামী রোববার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জামিনের বিষয়ে আদেশ হবে। ওই দিন তিনি জামিন পাবেন বলে আশাবাদী।

বিকেল সোয়া ৪টায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাফটকে যান তাঁর পাঁচ আইনজীবী। বিকেল ৫টার কিছু পরে তাঁরা কারাগারে প্রবেশ করেন। অন্য চার আইনজীবী হলেন এ জে মোহাম্মদ আলী, আবদুর রেজাক খান, মাহবুব উদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়া।

এর আগে গতকাল বুধবার খালেদা জিয়ার সাথে দেখা করেন দলের স্থায়ী কমিটির সাত সদস্য ও তাঁর একান্ত সচিব। সাক্ষাৎ শেষে বের হয়ে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া ভালো আছেন, তাঁর মনোবল অত্যন্ত উঁচু। তিনি দেশ ও গণতন্ত্রের স্বার্থে সব প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছেন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান।

এ ছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এঁদের মধ্যে তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগ থেকে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০১০ সালের ৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক হারুন-আর রশিদ। ২০১৪ সালের ১৯ মার্চ তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

এমআর