বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে পূর্বঘোষিত র‌্যালিতে অংশ নিতে লাখো নেতাকর্মী দলটির কেন্দ্রীয় কার্যালয় ও এর আশেপাশে উপস্থিত হয়েছেন। নেতাকর্মীদের ঢলে নয়াপল্টনের পূর্বদিক ফকিরাপুর মোড় থেকে পশ্চিমপাশের নাইটেঙ্গেল মোড় পর্যন্ত জনসমুদ্রে রূপ নিয়েছে।

জে‌লের তালা ভাঙব, খালেদা জিয়াকে আনব,’ ‘আমাদের মায়ের মুক্তি চাই’, ‘আমার নেত্রী আমার মা জেলে থাকতে দেবো না’, ইত্যাদি স্লোগানে উত্তাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন।


ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে উপস্থিত হয়েছেন। সকাল গড়িয়ে দুপুর হতেই খণ্ড খণ্ড মিছিল সহকারে এসব নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের সামনে এসে হাজির হন।

কেন্দ্রীয় কার্যালযে আসার পথে এসব খণ্ড খণ্ড মিছিল থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার সম্বলিত স্লোগান দেন নেতাকর্মীরা।


উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর রাজধানীতে র‍্যালী করার ঘোষণা দেয় বিএনপি। পরে কৌশলগত কারণে র‌্যালি একদিন পিছিয়ে ২ সেপ্টেম্বর করার ঘোষণা দেয় দলটি। সোমবার দুপুর ২টায় র‌্যালি শুরু হওয়ার কথা থাকলেও র‍্যালিটি বিকেল তিনটায় শুরু হবে বলে দলীয় সূত্রে জানা যায়।

এদিকে বিএনপির র‌্যালিকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর নাইটিঙ্গেল মোড় এলাকায় বিপুল পরিমাণ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এএস