সরকারের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে যদি আবার ধবংস ও সংঘাতের দিকে ঠেলে দিতে না চান তাহলে অবিলন্বে বেগম খালেদা জিয়ার সঙ্গে বসে আলাপ আলোচনার মাধ্যমে চলমান সংকটের সমাধান করুন।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোশাররফ হোসেনের মুক্তির দাবিতে ঢাকাস্থ মেঘনা-দাউদকান্দি জাতীয়তাবাদী ফোরাম এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিথ্যা বলায় পারদর্শী। জাতিসংঘের মহাসচিবের সাথে আলাপকালে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে কোনো কথা হয়নি বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি মিথ্যাচার করেছেন। কারণ এর আগে জাতিসংঘের মহাসচিব বান কি মুন সরকারকে চিঠি দিয়ে বলেছেন দ্রুত আলাপ আলোচনার মাধ্যমে দেশে নির্বাচনের ব্যবস্থা করার জন্য। সংকট নিরসনে তাগিদ দিয়েছেন।

আমাদের সামনে আর বিকল্প কোনো পথ খোলা নেই এই মন্তব্য করে বিএনপির মুখপাত্র বলেন, আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে।

আটককৃত নেতাদের মুক্তির বিষয়ে তিনি বলেন, এই অবৈধ সরকারের কাছে দাবী করে লাভ হবে না। আন্দোলন সংগ্রামের মাধ্যমে এদের হটিয়ে নেতাকর্মীদের মুক্ত কেরে আনতে হবে।

সংগঠনের সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, দলের যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেল প্রমুখ।

ঢাকা, এমএইচ, ১ অক্টোবর, টাইমনিউজবিডি.কম