বর্তমান সরকার ক্ষমতায় এসে পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে পিএসসি-জেএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ বলেন, প্রাথমিক ও মাধ্যমিক পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। আমরা মুক্তিযুদ্ধের সময় যা দেখেছি, যা শুনেছি পাঠ্য বইয়ে তার উল্টোটা লেখা হতো। বর্তমানে সরকার ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পাঠ্য বইয়ে তুলে ধরেছে।
তিনি বলেন,১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। এ ঘোষণাটি ছিল অনানুষ্ঠানিক। এরপর তিনি জিয়াউর রহমানকে ২৭ মার্চ স্বাধীনতার ঘোষণা দিতে বলেন। পরে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। কারণ স্বাধীনতার ঘোষণা একজন মেজরকে দিয়েই হোক এটাই জনগণ চেয়েছিল।
শিক্ষামন্ত্রী বলেন,বঙ্গবন্ধু আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছেন। আমরা দেখেছি-জানি স্বাধীনতার সময় কে কি করেছিল-বলেছিল। আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বলব তরুণ প্রজন্মকে আপনারা বিভ্রান্ত করবেন না। তরুণ প্রজন্মের সামনে প্রকৃত ঘটনা তুলে ধরুন।
[b]ঢাকা, ২৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর // জেআই
[/b]