তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগে বেগম খালেদা জিয়াকে তার দাবি ঠিক করতে হবে। তিনি কি চান? আর সরকার পতনের দাবি হলে সংলাপ হবে না।
তিনি বলেন, যদি খালেদা জিয়ার দাবি হয় সরকার পতন। তাহলে খালেদা জিয়ার সাথে কোনো আলোচনা হবে না।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ( সাগর-রুনি) মিলনায়তনে ’মিট দ্য রিপোটার্স অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
ডিআরইউর সভাপতি শাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের পরিচালনায় এ অনুষ্ঠানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বিএনপি ধীরে ধীরে গণতন্ত্র থেকে সরে নাশকতার দিকে যাচ্ছে। এধরনের নাশকতা বন্ধ না করলে অচিরেই বিএনপি একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হবে।
তিনি বলেন, দেশের প্রচলিত আইনেই নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ইনু বলেন, একাত্তরে ভিলেন ছিল পাকিস্তানি হানাদার ও রাজাকাররা। আর এখনকার রাজনৈতিক ভিলেন হলেন খালেদা জিয়া। খালেদা আজ বর্তমান সরকার বা প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেননি, খালেদা যুদ্ধ করছেন জনগণের বিরুদ্ধে ।
হাসানুল হক ইনু বলেন, সরকার জনগণের জানমাল রক্ষার দায়িত্ব নিয়েছে। তাই এসব ঘটনাকে চ্যালেঞ্জ হিসাবে গহণ করে তা মোকাবেলা করছে। এরইমধ্যে দেশেব্যাপী সহিংসতা কমে আসছে বলেও মনে করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি একটু আগে শুনেছি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা না বলে এ বিষয়ে কিছুই বলতে পারছি না।
একে/এসএইচ





