গাংনী পৌর মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আশরাফুল ইসলামকে বহিষ্কার করেছে মেহেরপুর জেলা যুবলীগ।
শনিবার (০৯ জানুয়ারি) বিকেলে গাংনী বাসস্ট্যান্ডে সংবাদ সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় যুবলীগের সিদ্ধান্তে আশরাফুল ইসলামের অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেন জেলা যুবলীগের আহ্বায়ক ও মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান লিটন।
আশরাফুল ইসলাম মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা যুবলীগ নেতারা।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবলীগ নেতা জাকিরুল ইসলাম, মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম মিয়া ও জেলা যুবলীগ সদস্য সাজেদুর রহমান সাজু।
উল্লেখ্য, গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক মেয়র আহম্মেদ আলী। বর্তমান মেয়র আশরাফুল ইসলাম ২০১৫ সালের নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে ব্যাপক ভোটে নির্বাচিত হন।
আগামী ১৬ জানুয়ারি গাংনী পৌরসভা নির্বাচনে আশরাফুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে অব্যাহতি দেয় যুবলীগ।
এমবি





