রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সিটিস্ক্যান ও এমআরআই সম্পন্ন হয়েছে।
আজ (শনিবার) দুপুরে এ দু’টি পরীক্ষা হলেও শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত জানানো হবে আজ রাত ৮টায়। ল্যাব এইড হাসপাতালের এক দায়িত্বশীল কর্মকর্তা এমনটাই নিশ্চিত করেছেন।
এদিকে দুপুরে মেয়র আইভীকে দেখতে স্বাস্থ্যমন্ত্রী নাসিম হাসপাতালে এসেছিলেন। এর আগে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের তাকে দেখতে যান।
গত বৃহস্পতিবার দুপুরে নগরভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মেয়র আইভী। পরে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করানো হয়।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরে ফুটপাতে হকার বসানো ও উচ্ছেদ নিয়ে মেয়র আইভী ও এমপি শামীম ওসমানের মধ্যে দ্বন্দ্ব চলছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে মেয়র আইভী নারায়ণগঞ্জ নগর ভবন থেকে বের হয়ে নগরীর বঙ্গবন্ধু রোডের ফুটপাত দিকে হাঁটতে শুরু করেন। এ সময় তাঁর সঙ্গে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও বেশ কিছু সমর্থক ছিলেন। পুলিশও তাঁদের সঙ্গে থাকে।একপর্যায়ে আইভীর সমর্থকরা ফুটপাতে হকারদের বসতে নিষেধ করলে প্রথমে হকাররা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।
তখন হকারদের সঙ্গে আইভীর সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। চাষাঢ়া এলাকায় শামীম ওসমানের সমর্থকরা হকারদের সঙ্গে যোগ দেয়। সংঘর্ষের একপর্যায়ে হকার ও শামীম ওসমান সমর্থকদের হামলার মুখে মেয়র আইভী বঙ্গবন্ধু সড়কে অনড় অবস্থান করেন। এ সময় তারা মেয়র আইভীর ওপর হামলা চালালে সমর্থকরা মানবদেয়াল তৈরি করে তাঁকে ঢেকে রাখেন। এ সময় তাদের ছোড়া ঢিলে মেয়র আইভী আহত হন।
পরে হকারদের সমর্থনে সংসদ সদস্য শামীম ওসমান রাজপথে নেমে আসেন। তিনি হকারদের পক্ষ নিয়ে বঙ্গবন্ধু সড়কে অবস্থান করেন। এ সময় আহত আইভী নারায়ণগঞ্জ প্রেসক্লাবে অবস্থান নেন। পুলিশ প্রায় ৩০০ ফাঁকা গুলি ও বেশ কিছু কাঁদানে গ্যাসের শেল ছুড়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এমবি





