পবিত্র ঈদুল আজহার পরবর্তী দলীয় কর্মপন্থা ঠিক করতে বৈঠকে বসবেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা।
আজ (২৪ আগস্ট) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকে বসার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে বৈঠকের বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
জানা গেছে, দলীয় চেয়ারপারসনের মুক্তি, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি গ্রহণ, আগামী জাতীয় নির্বাচন’সহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, বৈঠকের ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। নির্দেশ পেলে জানিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরপরই বেগম খালেদা জিয়াকে আদালত থেকে নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে এই পুরনো কারাগারে খালেদা জিয়াই একমাত্র বন্দি হিসেবে রয়েছেন।
এমবি





