আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জেল হাজতে ইফতার দেওয়ার বিষয় নতুন কিছু নয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও জেল কোড মেনে ইফতারি দেওয়া হচ্ছে। জেলে থাকলে জেল কোট তো মেনে নিতেই হবে। এতে যদি মনে করেন, বেগম জিয়া কষ্ট পাচ্ছেন, আমরা অতিরিক্ত ব্যবস্থা করব।

আজ বুধবার (২৯ মে) রাজধানীর আগারগাঁও মেট্রোরেলের সাইট অফিসে প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি বিষয়ক সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কারাগারে খালেদা জিয়ার জন্য সরকারিভাবে ইফতারির বরাদ্দ ৩০ টাকা হওয়ায় রাজনৈতিক নেতাদের সম্মানে এবার বিএনপি আয়োজিত ইফতারেরও বরাদ্দ ছিল ৩০ টাকা। মেন্যুতে ছিল পানি, পেয়াজু, মুড়ি, বেগুনি ও খেজুর।

৩০ টাকার ইফতারি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ইফতারিতে মানুষের বেশি চাহিদা থাকে বলে আমার জানা নাই। এটা নিয়ে রাজনীতি হবে প্রত্যাশা করা যায় না। তবে খালেদার জিয়ার ইফতারি চাহিদা বেশি থাকলে সংশ্লিষ্টদের আবেদন করতে পারবো। খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি তাকে জেল কোড মেনেই ইফতারি দেওয়া হচ্ছে।

দেশ গভীর সঙ্কটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, দেশ ভালো চলছে। দেশের মানুষ নিরপত্তা ও শান্তি চায়। আমরা দেশের উন্নয়নে কাজ করছি।

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের স্বস্তির বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কুমিল্লা ও টাঙ্গাইলে বেশ কয়েকটি সেতু এবং ওভারপাস উদ্বোধন করেছি। মানুষ স্বস্তি নিয়ে যাতায়াত করছে। দেশের সড়ক যোগাযোগ অবকাঠামোয় বিশাল পরিবর্তন এসেছে।

‘আর এরপরও মির্জা ফখরুলের কিছু বলার থাকলে সংসদে এসে বলতে পারতেন। তাদের বেশ কিছু এমপি ও সংরক্ষিত নারী আসনের এমপি সংসদে আসছেন।

তাদের সঙ্গে মির্জা ফখরুল সংসদে আসলে তার কথাগুলো আরো ভালোভাবে উপস্থাপন করতে পারতেন। সংসদে মির্জা ফখরুলের কথা শুধু দেশবাসী নয় সারা বিশ্বের মানুষ শুনতে পারতেন,’ বলেন ওবায়দুল কাদের।


এএস