ভারত-বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি অনুযায়ী ৩১ জুলাই রাত ১২টা ১ মিনিটে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ-ভারত সীট মহল সমস্যার অবসান ঘটায় সীট মহলবাসীদের আনন্দ-উল্লাসের সাথে একাত্মতা প্রকাশ ও তাদেরকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এ অভিনন্দন জানান।
তিনি বলেন, "ভারত-বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি অনুযায়ী ৩১ জুলাই রাত ১২টা ১ মি: আনুষ্ঠানিকভাবে সীট মহল সমস্যার অবসান ঘটেছে। এর সাথে দু-দেশের সীট মহলবাসী নাগরিকদের ৬৮ বছরের অবরুদ্ধ জীবনের অবসান ঘটল। তারা আবার নতুন করে মুক্তির স্বাদ পেল।
বাংলাদেশ যে সব সীট মহল পেয়েছে সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা উড্ডীন হলো। সীট মহলবাসীদের আনন্দের সাথে সারা বাংলাদেশের জনগণও আনন্দিত। সীট মহলের জনগণ বাংলাদেশের সাড়ে ১৬ কোটি মানুষের সাথে সংযুক্ত হয়েছে।
তিনি আরো বলেন, আমি আশা করি সীট মহলবাসীদের প্রাপ্য সকল সাংবিধানিক নাগরিক ন্যায্য অধিকার নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে সীট মহলবাসী নাগরিকদের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
এমকে





