সরকারের সহায়তায় রাজপথে ব্যাপক শোডাউনের উদ্যোগ নিয়েছে জাতীয় পার্টি। ১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে ১০ লাখ লোক নিয়ে শোডাউনের প্রস্তুতি নিয়েছে দলটি।

জাতীয় পার্টির মহাসমাবেশে ব্যাপক শোডাউনের প্রস্তুতিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে বলে জানা গেছে। মাঠের অনুমোদন থেকে শুরু করে, বিলবোর্ড লাগানো ও লোক সমাগম পর্যন্ত সকল ক্ষেত্রেই সরকারের সহযোগিতা পাচ্ছে বলে দলটির একটি সুত্র জানিয়েছে।

তবে সহযোগিতার এ বিষয়টি অস্বীকার করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমদত বাবলু। তিন বলেন, সরকার কোনো সহযোগিতা করছে না। আমরা জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করি না। সরকারের ভালো কাজের প্রশংসা করি, মন্দ কাজের সমালোচনা করি। সরকারের অনেক কাজের সমালোচনা করে আমরা সংসদ থেকেও ওয়াকআউট করেছি। প্রকৃত অর্থেই আমরা বিরোধী দল। আর মহাসমাবেশে সরকারের সহযোগিতার প্রশ্নই আসে না।’

জাপা সূত্র জানিয়েছে, মহাসমাবেশ সফল করতে ইতোমধ্যে ১০১ সদস্যের প্রস্তুতি কমিটিও গঠন করা হয়েছে। ঢাকার আশে-পাশের জেলা ও উপজেলা থেকে লোক সমাগম করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

প্রস্তুতির অংশ হিসেবে সোমবার গভীর রাত পর্যন্ত জাপার কাকরাইল কার্যালয়ে যৌথসভা করেছেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। সেখানে তিনি জাতীয় ছাত্র সমাজ, যুব সংহতি, স্বেচ্ছাসেবক পার্টি, মহিলা পার্টি, সৈনিক পার্টি, কৃষক পার্টি ও মুক্তিযোদ্ধা পার্টির নেতাকর্মীদের নিয়ে সভা করেন। এতে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন ।

জাপা নেতারা জানিয়েছেন, সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশের মাধ্যমে জাপা প্রমাণ করতে চায়, দলটি সংসদে যেমন বিরোধী দল তেমনি রাজপথেরও বিরোধীদল। মহাসমাবেশে সরকারের তীব্র সমালোচনা করে বক্তব্যও রাখবেন এরশাদ।

এ বিষয়ে জাপার সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন,‘ ১ তারিখে আমরা প্রমাণ করব, জাতীয় পার্টি যেমন সংসদের বিরোধী দল, তেমনি সংসদের বাইরে রাজপথেরও বিরোধী দল। ওইদিন আমরা সরকারকে এই বার্তাই দিতে চাই- সরকার যদি জনস্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নেয়, সঙ্গে সঙ্গে জাপা রাজপথে অবস্থান নেবে।’

এএইচ