বাংলাদেশে নিযুক্ত সৌদী আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন নাসের আল-বুসাইরির বলেছেন, 'আমরা সব সময়ই জামায়াতের পাশে ছিলাম এবং থাকবো'।

বুধবার রাতে সৌদী আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন নাসের আল-বুসাইরির বিদায় উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী হোটেল ওয়েস্টিনে এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে সৌদী রাষ্ট্রদূত এ কথা জানান।

বুধবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ এক প্রেসবিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।

অনুষ্ঠানে ড. বুসাইরি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ আমাকে যে সম্মান দিয়েছে এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। জামায়াত বিভিন্ন সময়ে আমাদেরকে ইফতার মাহফিল ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দিয়ে সম্মান দেখিয়েছে। সৌদী আরবের সকল নাগরিকদের প্রতি জামায়াতে ইসলামী সম্মান প্রদর্শন করে। আমরাও জামায়াতকে সম্মান করি, ভালোবাসি। আমরা সব সময়ই জামায়াতের পাশে ছিলাম এবং থাকবো।”

তিনি আরো বলেন, “বাংলাদেশের প্রায় ২০ লক্ষ নাগরিক সৌদী আরবে কর্মরত আছে। সৌদী আরব বাংলাদেশকে ভালোবাসে বলেই অবৈধভাবে অবস্থানকারী ৮ লক্ষ বাংলাদেশী নাগরিককে সৌদী সরকার বৈধভাবে সৌদী আরবে থাকার সুযোগ করে দিয়েছে। সৌদী আরবের সাথে বাংলাদেশের এই ভ্রাতৃত্বপূর্ণ ও উন্নয়নের সম্পর্ক অব্যাহত থাকবে। আমি বাংলাদেশের মানুষের পাশে সবসময়ই অবস্থান করবো।”

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব মতিউর রহমান আকন্দের পরিচালনায় এ বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান প্রমুখ।

এমআর