নির্বাচন কমিশন পুনর্গঠনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগকে অভিনন্দন জানিয়েছে জামায়াত।
বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির মকবুল আহম্মেদ আজ সোমবার গনমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় এই অভিনন্দন জানান।
প্রেস বার্তায় জামায়াতের আমির রাষ্ট্রপতির এই সংলাপে অংশ নেওয়ার আগ্রহ জানিয়ে বলেন, জনগণের প্রতিনিধিত্বকারী দল হিসাবে সংলাপে অংশগ্রহন করার অধিকার জামায়াতের রয়েছে ।
রাষ্ট্রপতির উদ্দেশ্যে লেখা জামায়াত আমিরের আবেদনটি হুবহু তুলে ধরা হল:
“তারিখঃ ১৯/১২/২০১৬ ইং
বরাবর
মহামান্য রাষ্ট্রপতি
গণপ্রজাতন্ত্র্রী বাংলাদেশ
বিষয়: নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের লক্ষে সংলাপ প্রসঙ্গে
মহামান্যবর
আসসালামু আলাইকুম
সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি নির্ধারণের লক্ষ্যে রাষ্ট্রের অভিভাবক হিসেবে আপনি সংলাপের যে মহান উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে স্বাগত জানায় এবং আন্তরিকভাবে সফলতা কামনা করে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। স্বাধীনতার পর প্রায় প্রতিটি সংসদে জামায়াতের প্রতিনিধিত্ব ছিল। সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ তথা স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী বিজয় লাভ করেছে। অধিকন্তু এ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক পন্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
জামায়াত একটি নিবন্ধিত রাজনৈতিক দল। মহামান্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগে জামায়াতের নিবন্ধন মামলাটি বিচারাধীন আছে। স্বাভাবিকভাবেই জনগণের প্রতিনিধিত্বকারী দল হিসেবে সংলাপে অংশগ্রহণ করার অধিকার জামায়াতের রয়েছে।
দেশের একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়ায় সংলাপকে অর্থবহ করে তোলার জন্য উক্ত সংলাপে জামায়াতে ইসলামীর অংশগ্রহণের সুযোগ থাকা বাঞ্ছনীয়।
আশা করি দেশের জনগণের যথাযথ প্রতিনিধিত্বের স্বার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সংলাপে অংশগ্রহণের সুযোগ দেয়ার ব্যবস্থা গ্রহণ করবেন।”
এআই





