[b]ঢাকা: [/b]বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেন,দেশে সংবিধান ভঙ্গের মহাৎসব চলছে।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম
আয়োজিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বহুদলীয় গণতন্ত্র বনাম আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শাহ মোয়াজ্জেম বলেন, সংবিধান অনুসারে যারা বিরোধী দলে থাকেন তারা মন্ত্রী হতে পারেন না। কারণ মন্ত্রী হলে সে সরকারের সমালোচনা করতে পারবে না।
তিনি বলেন, আমরা দেখছি আওয়ামী লীগ সরকার জাতীয় পার্টিকে নিয়ে একটি বিরোধী দল তৈরি করেছে। যেখানে দলীয় চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত আর তার স্ত্রী রওশন এরশাদ রয়েছেন প্রধান বিরোধী দলের ভূমিকায়। এটা অত্যন্ত হাস্যকর বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ৫ জানুয়ারি জনগণের নির্বাচন হয়নি। এটা বাকশাল সরকার কায়েমের নির্বাচন হয়েছে। এই নির্বাচন বর্জন করে জনগণের জন্য নতুন নির্বাচন দেওয়ার আহ্বানও জানান তিনি।
স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমত উল্লাহর সভাপতিত্বে আলোচনা  সভায় বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবেদ রাজা ও এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিমসহ অনেকে।