বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলায় ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা করে তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন বলেছেন, কোর্টের আচরণ দেখে মনে হয় তারা দুর্নীতি নয়, ব্যক্তি খালেদার বিচার করতেই তৎপর।

বৃহস্পতিবার দুপুরে বকশিবাজারের অস্থায়ী আদালতে খালেদা জিয়ার দুই মামলার শুনানী শেষে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন।

তিনি বলেন, দুদকের অনেকের মামলা এই আদালতে বিচারকার্য চলছে।কিন্তু কোন মামলারই এত দ্রুত তারিখ দেয়া হয়নি। তাই আমরা বেগম জিয়ার আইনজীবী হিসেবে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছি। 

খালেদা জিয়ার এই আইনজীবী বলেন, এজন্য আমরা আদালতকে বলেছি, আপনারা যদি ক্যাঙ্গারু কোর্টের মত খালেদা জিয়ার বিচার করতে চান, তাহলে আমরা আদালতে আসব না। খালেদা জিয়াও আদালতে আসবেন না। কেননা স্বাক্ষীদের জেরার সময় আমরা দেখতে পাচ্ছি দুদকের আইনজীবীরা ভুমিকা যেন ওয়ান ইলেভেনের সরকারের পক্ষের আইনজীবীদের মত। তারা স্বাক্ষীদের একই কথা বারবার বলে স্বাক্ষ দেয়াতে চাচ্ছেন।

ব্যারিস্টার খোকন আরও বলেন, জব্দ তালিকার জবানবন্দী দেয়ার সময় কোনো স্বাক্ষী মূল নথি দেখে বলতে পারেন না। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় একজন স্বাক্ষী তার স্বাক্ষ দেয়ার সময় সেটাই করছিলেন। কিন্তু আমরা বলেছি এটা সম্পূর্ন বে-আইনী। পরে অবশ্য আমাদের আরজির প্রেক্ষিতে আদালত সেটা মঞ্জুর করেছেন।

উল্লেখ্য,দুর্নীতির দু্ই মামলায় ২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ নয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুবেদ রায়। এরপর এই মামলার কার্যক্রম চলতে থাকে।গত আগস্ট মাসে ৩বার ও চলতি মাসে এরইমধ্যে ২বার শুনানী অনুষ্ঠিত হয়েছে। আর পরবর্তী শুনানীর জন্য ১৭ সেপ্টেম্বর তারিখ ধার্য করা হয়েছে।

এমএইচ