খালেদা জিয়া ও  তারেক রহমানকে ইঙ্গিত করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রথমে কুকুরের লেজ নড়ে, পরে মাথা নড়ে। অর্থাৎ প্রথমে তারেক রহমান বললেন জিয়াউর রহমান দেশের প্রথম রাষ্ট্রপতি। পরে তার মা খালেদা জিয়া একই কথার পুনরাবৃত্তি করলেন।
শনিবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচার বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত “চলমান রাজনীতি” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির রাজনীতি মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। জিয়াউর রহমান জীবিত থাকতে কোন দিন দাবি করেননি তিনি দেশের প্রথম রাষ্ট্রপতি। তাছাড়া কোন কাগজেও আজ পর্যন্ত লেখা হয়নি এ তথ্য।
হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর পক্ষে ২৬ মার্চ এম এ হান্নান শাহ স্বাধীনতার ঘোষণা দেন। এরপর আওয়ামী লীগের নেতারা জিয়াউর রহমানের কণ্ঠে স্বাধীনতার ঘোষণা দেয়ান। এ ঘোষণার টেপরেকর্ড এখনও আছে। হঠাৎ করে বিএনপি নেতারা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বানিয়ে দিলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধানে লেখা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রথম রাষ্ট্রপতি। অতএব বিএনপির এ দাবি সংবিধান পরিপন্থী। সুতারং তাদেরকে আইনের আওতায় এনে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো উচিত।
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেননি তিনি পাকিস্তানের পক্ষে গুপ্তচর ছিলেন। জিয়াউর রহমানকে দেয়া পাকিস্তানের এক সেনা কর্মকর্তার হাতের লেখা চিঠি হাছান মাহমুদ উপস্থিত সাংবাদিকদের পড়ে শোনান। চিঠিতে লেখা ছিল, “তোমার (জিয়াউর রহমান) কৃতকর্মে আমরা সন্তুষ্ট। তোমার পরিবার পরিজন আমাদের কাছে নিরাপদে আছে”।
সংগঠনের উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি হেমায়েত উদ্দিন (বীর প্রতীক), ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরীসহ অনেকে।
[b]ঢাকা, এমআর, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ // জেআই
[/b]