সাংবাদিকদের ‘খবিশ’ ও ‘চরিত্রহীন’ বলে ভৎসনা করেছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। সাংবাদিকেরা ‘যা ইচ্ছে তা-ই লেখে’ দাবি করে তিনি বলেন, ‘এরা কেউ জার্নালিজম পড়ে সাংবাদিক হয়নি। একমাত্র আমার মেয়ে জার্নালিজমে এমএ করেছে। আর এরা কলেজে ঘোরাঘুরি করে সাংবাদিক বনে গেছে।’

শনিবার বিকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আদিবাসী দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাংবাদিকদের ঢালাওভাবে ভৎসনা করেন। এসময় তিনি অশ্লীল অঙ্গভঙ্গি করলে উপস্থিত সাংবাদিকেরা অনুষ্ঠান বয়কট করার পর মিলনায়তনে হট্টগোল শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তৃতা দেওয়ার জন্য তাঁকে আহ্বান করার পর মন্ত্রী মাইক্রোফোনের সামনে এসে সাংবাদিকদের ‘সর সর ...’ বলে সামনে থেকে সরে যেতে বলেন। ‘তোমাদের মুখ দেখতে আসি নাই...’ বলে সাংবাদিকদের মাইক্রোফোনের সামনে থেকে ক্যামেরা নিয়ে চলে যেতে বলেন মন্ত্রী।

‘যতদিন দুনিয়া থাকবে, ততদিন ফজরের নামাজের পর মসজিদে কোরআন শরিফ পাঠ হবে। মাদ্রাসা শিক্ষায় আরবির পাশাপাশি বাংলা-ইংরেজি শিক্ষা না দিলে তারা পিছিয়ে পড়বে।’ একটি অনুষ্ঠানে তিনি এ রকম কথা বলেছিলেন দাবি করে সৈয়দ মহসিন আলী বলেন, ‘কিন্তু সাংবাদিকরা আমার বক্তব্য বিকৃত করে প্রকাশ করেছে।’

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘আমার নেত্রী শেখ হাসিনা আমাকে ডেকে বলেছেন, হাসানুল হক ইনু ১৪ দলের নেতা, আর তুমি আওয়ামী লীগের তৃণমূল নেতা। সাংবাদিকরা যা ইচ্ছে লিখুক, তাতে কিছু যায়-আসে না। তুমি চালিয়ে যাও।’

সিলেট বিভাগীয় আদিবাসী উদযাপন কমিটি আয়োজিত আদিবাসী দিবসের আলোচনা সভা শুরু হয় বিকালে। অনুষ্ঠানে সিলেটের সংরক্ষিত নারী আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ বিশেষ অতিথি ছিলেন।

বিশেষ অতিথিদের বক্তব্য শেষে সন্ধ্যা ৬টার দিকে সমাজকল্যাণমন্ত্রী বক্তব্য শুরু করেন। অনুষ্ঠান আদিবাসী দিবস নিয়ে হলেও পুরো ৪০ মিনিটের বক্তব্যে মন্ত্রী ঘুরেফিরে সাংবাদিকদের সমালোচনা করেন।

ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর