উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্র যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ সময় সোমবার রাত রাত ৯টায় (সিঙ্গাপুর সময় রাত ১১টা) তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা হবেন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম।
মির্জা ফখরুলের পারিবারিক সূত্রে এ তথ্য জানা যায়।
বর্তমানে তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ডা. মরিজ চু’র তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
পারিবারিক সূত্রে আরও জানা যায়, এর আগেও মির্জা ফখরুল ডা. মরিজ চু’র তত্ত্বাবধানে চিকিৎসা নিয়েছেন। মরিজ চু তাকে যুক্তরাষ্ট্রে গিয়ে অপারেশন করার পরামর্শ দিয়েছেন।
মির্জা ফখরুল ঘাড়ের নার্ভ সমস্যায় দীর্ঘদিন ভুগছেন।
টানা ছয় মাস ১০ দিন কারাবন্দী থেকে ১৫ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে তিনি জামিনে মুক্তি পান। কারাবন্দী অবস্থায় তার স্বাস্থ্যের অবনতি ঘটে। পরে উচ্চ আদালতের নির্দেশে তার চিকিৎসার জন্য একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের রিপোর্টের আলোকে আদালত তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে জামিনে মুক্তি দেন।
এএইচ





