বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেছেন, ২৮ অক্টোবরের ঘটনায় আমরা দুঃখ ভারাক্রান্ত ঠিকই কিন্তু হতাশ নই। বাংলার সবুজ জমিনে কুরআনের আলোকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ করে শহীদদের প্রতিফোঁটা রক্তের বদলা চূড়ান্তভাবে নেয়া হবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, চিহ্নিত খুনিদের রক্ষা করতে সরকার ক্ষমতার দাপটে মামলা প্রত্যাহার করেছে। কিন্তু এ সকল অপকৌশলে নিরপরাধ সন্তান হারানো মায়েদের বুকফাটা আর্তনাদ ব্যর্থ হবে না, রক্তের দাগ মুছে যাবে না। সময়ের পরিবর্তনে খুনি ও নির্দেশদাতাদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রতিটি খুন, গুম ও অবিচারের হিসাব আদায় করা হবে বলে তিনি হুশিয়ার করে দেন।
সোমবার রাজধানীর একটি মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ২০০৬ সালের ২৮শে অক্টোবর আওয়ামীলীগের লগি-বৈঠার পৈশাচিক হামলায় শহীদদের পরিবারের সাথে “মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান” এ সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী এডভোকেট ড. হেলাল উদ্দিন, শহীদ মাসুমের পিতা মাহতাব উদ্দিন আহমদ, শহীদ হাফেজ শিপনের পিতা মু. তাজুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পূর্বের সভাপতি হাফিজ উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও শ্রমিক নেতা আবদুস সালাম, কামাল হোসাইন, অধ্যাপক ড.আব্দুল মান্নান, ২৮শে অক্টোবরের শহীদ মসুম ও শিপনের মাতা, আত্মীয়-স্বজন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, ২৮শে অক্টোবর শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে একটি কলংকজনক দিন। সেদিন রাজধানী ঢাকাসহ সারাদেশে আওয়ামী সন্ত্রাসীরা নিষ্ঠুর গণহত্যায় মেতে উঠেছিল। প্রকাশ্যে রাজপথে যেভাবে মানুষকে পিটিয়ে হত্যা করেছিল তা জাহেলিয়াতের নির্মমতা ও নিষ্ঠুরতাকেও হার মানিয়েছে। ২৮ অক্টোবরের হত্যাকান্ডে শুধু শোকাহত হলেই চলবে না বরং শোককে শক্তিকে পরিণত করে গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্যাতিত মানুষের সত্যিকারের স্বাধীনতা ফিরিয়ে আনতে লড়াই-সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
এএইচ





