গুম, খুন ও অপহরণের প্রতিবাদে ১৭ মে  শনিবার যাত্রাবাড়ির শহীদ ফারুক সড়কে সমাবেশ করবে বিএনপি। সমাবেশে উপস্থিত থাকবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে ডেমরায় এই সমাবেশ করার কথা ছিল।
বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টন ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির কার্যালয়ে এক প্রস্তুতি সভা শেষে বিএনপির  স্থায়ী কমিটির সদস্য  তরিকুল ইসলাম এ কথা জানান।
তিনি আরও বলেন, আন্দোলন সংগ্রামে আমরা পূর্বে কতটা সফল হয়েছি তা এখন  বিচার না করে ১৭ তারিখের সমাবেশ সফলে সর্বাত্মক কাজ করতে হবে। এজন্য সমাবেশে ১০ লক্ষ লোক সমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তরিকুল বলেন, আমাদের নিজেদের মধ্যে মতানৈক্য থাকলেও সংঘর্ষ নেই। তাই সকলের সমন্বয়ে সুন্দর একটি  সমাবেশ অনুষ্ঠিত হবে বলেই আশা করছি।
অনুষ্ঠানে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেন, আজ দেশে গণতন্ত্র অনুপস্থিত থাকার ফলেই এমন হত্যাকান্ডের ঘটনা ঘটছে। সরকারের বাধার কারণে অনেক দেরি করে হলেও খুন-গুম ও অপহরণের প্রতিবাদে যাত্রাবাড়িতে সমাবেশ করছি।
তিনি আরো বলেন, এ জনসভা হবে সর্ববৃহৎ জনসভা। এর মাধ্যমে চলমান গুম-খুন ও অপহরণের প্রতিবাদ জানাবে জনগণ।
প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকার,এনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব প্রমূখ।
[b]ঢাকা, এমএইচ,  ১৪ মে (টাইমনিউজবিডি.কম)[/b]