বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও তারা দূর্নীতিতে নিমজ্জিত। টিআইবির প্রকাশিত রিপোর্টই তার প্রমাণ।
বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মুক্তিযোদ্ধা দল আয়োজিত সদ্য কারামুক্ত ‘বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সংবর্ধনা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান বীর উত্তমেই আমাদের প্রেরণার উৎস’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মঈন খান আরও বলেন, তারা মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ফেনা তুলে অথচ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েক করেছিল। বর্তমানেও দেশের গণতন্ত্রকে হত্যার মাধ্যমে একদলীয় শাসন কায়েম করতে চায়। যারা সীমান্ত পাড়ি দিয়ে মুক্তিযুদ্ধের তালিকায় নাম লেখান তারা কখনও প্রকৃত মুক্তিযোদ্ধা হতে পারেন না। মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ৩০ লাখ শহীদের মধ্যে কয়জন আছে সীমান্ত পাড়ি দেওয়া এরকম মুক্তিযোদ্ধা?
তিনি বলেন ক্ষমতায় থেকে ইতিহাস যেভাবেই লিখুন না কেন, সত্য ইতিহাস একদিন জাতির সামনে প্রকাশিত হবেই। যে রকমভাবে এইচটি ইমাম বিগত ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনের কথা প্রকাশ করে দিয়েছেন।
যে নির্বাচনে ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয় সেই সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না এমন মন্তব্য করে তিনি আরও বলেন, তাই এই সংসদ ও তার মাধ্যমে নির্বাচিত সরকার ভূয়া।
জনগণের কাছে এই অবৈধ সরকারের কোনো রকম জবাবদিহিতা না থাকায় দেশের সর্বত্র আজ লুটপাট চলছে। ব্যাংক-বীমাসহ সব আর্থিক প্রতিষ্ঠানকে আজ ধ্বংশ করে দিয়েছে।
তিনি বলেন, স্বাধীনতার ৪৩ বছর পার হলেও মুক্তিযুদ্ধের প্রকৃত বিজয় অর্জিত হয় নি। তাই আজকে মহান বিজয়ের মাসে আমাদেরকে নতুন করে শপথ নিতে হবে। এই গণতন্ত্র বিরোধী সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠার করার।
আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, বিএনপির প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক এস এম শফিউজ্জামান খোকন, মহিলা দলের সাধারন সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
এমএইচ





