চীনে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় চীনের কুনমিং পৌঁছে। কুনমিংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের কর্মকর্তারা বিএনপির প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এর আগে বাংলাদেশ সময় বুধবার বেলা ২টায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি চীনের উদ্দেশে দেশ ত্যাগ করেন। কুনমিং পৌঁছলে চীনা কর্মকর্তারা বিএনপির এ প্রতিনিধি দলকে বিমান বন্দর থেকে সরাসরি হোটেল কাই ওয়াহ্ প্লাজায় নিয়ে যান।
হোটেলে স্থানীয় সময় রাত ৮ টায় চীনা কমিউনিস্ট পার্টির কর্মকর্তারা তাদের নৈশভোজের আমন্ত্রণ জানানো হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিএনপির সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি।
প্রতিনিধি দলে রয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন আল রশিদ, চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুব বিষয়ক সম্পাদক ও যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা ও মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ড. আব্দুল মঈন খানের স্ত্রী রোকসানা খন্দকার, দলের নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ এবং যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





