রাজশাহী মেডিক্যাল কলেজে (রামেক) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। রোববার রাত পৌনে ৮টার দিকে রামেক মিলনায়তনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন, মারুফ, জহুরুল, শাকিব। এরা বাঘা উপজেলা ছাত্রলীগের কর্মী। বাকি আহতদের নাম পাওয়া যায়নি। এ ঘটনায় দুটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
ছাত্রলীগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগরীর লক্ষীপুরে ১৫ আগস্ট উপলক্ষে ছাত্রলীগের আলোচনাসভা ছিল। সভা চলাচালে বাঘা উপজেলা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
সভা শেষে বাঘা উপজেলার সভাপতি মাইনুল ইসলাম মুক্তাকে গালিগালাজ করলে শুরু হয় সংঘর্ষ। আধাঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষের সময় বাঘা ছাত্রলীগ নেতাকর্মীদের বহন করে নিয়ে আসা দুটি বাস ভাঙচুর করে বিক্ষুব্ধরা।
এ ব্যাপারে রাজপাড়া থানার এসআই শরিফুল ইসলাম জানান, সমাবেশের পরে বাঘা থানা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এআর





