বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোট বিষধর সাপ এরা যাতে তাদের বিষ ছড়াতে না পারে সে জন্য তাদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

রাজধানীর বঙ্গবন্ধু্ এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে রবিবার বিকেলে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ২০০৫ সালে ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে ওই সভার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ।

হানিফ বলেন, ’২০ দলীয় জোট বিষধর সাপের মত অশুভ শক্তির জোট। এদের মত বিষধর আর কেউ নেই। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদের বিষ বাংলার মানুষ দেখেছে। আর যেন তারা বিষ ছড়াতে না পারে এ জন্য তাদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে। তারা যেন আর মাথা চাড়া দাঁড়াতে না পারে।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি মহাসচিব ইদানিং বলছেন, গণতন্ত্র উদ্ধারের জন্য তারা আন্দোলন করছেন। ক্ষমতার জন্য নয়। আপনি কিসের গণতন্ত্রের কথা বলছেন।

২০০৫ সালে আপনারা দেশব্যাপী বোমা হামলা করেছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মীকে হত্যা করেছেন। সে গণতন্ত্র বাংলাদেশের মানুষ চায় না।’

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। আরও উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, দলের সাধারণ সম্পাদক ও এলজিআরডিমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ঢাকা মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সাঈদ খোকন প্রমুখ।

ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ