একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজধানী ঢাকা, সিলেট ও রংপুরসহ বিভিন্ন স্থানে কয়েকটি জনসভায় যোগ দেবেন।

রোববার (১৬ ডিসেম্বর) আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।

এতে জানানো হয়, শেখ হাসিনা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২২ ডিসেম্বর (শনিবার) সিলেটে হজরত শাহ জালাল (রহ.), হজরত শাহ পরাণ (রহ.) ও হজরত গাজী বোরহান উদ্দিনের (রহ.) মাজার জিয়ারত করবেন এবং দুপুর আড়াইটায় নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে দলের নির্বাচনী জনসভায় যোগ দেবেন।

এতে আরও জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২৩ ডিসেম্বর (রোববার) সকালে রংপুর যাবেন এবং সকাল ১০টায় তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশ নেবেন। একই দিন দুপুর ২টায় পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে দলের নির্বাচনী জনসভায় যোগ দেবেন।

এছাড়াও শেখ হাসিনা আগামী ২৪ ডিসেম্বর (সোমবার) বেরা ১১টায় রাজধানীর কামরাঙ্গীরচর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশ নেবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এইসব নির্বাচনী জনসভা ও কর্মসূচিকে সফল করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

এমবি