তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া র‌্যাব বাতিলের যে প্রস্তাব দিয়েছেন, এটা একজন প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্বজ্ঞানহীন উক্তি, হঠকারী উক্তি ও রাজনৈতিক উদ্দেশ্যে চক্রান্তমূলক উক্তি।
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নওদা কুর্শা, বেশীনগর ও রামনগর গ্রামের বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে বুধবার দুপুরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, র‌্যাবের কতিপয় সদস্য যদি অপরাধ করে থাকে তবে তাদের এক চুলও ছাড় দেওয়া হবে না। তবে র‌্যাব বাতিলের কোন কর্মসূচি মেনে নেওয়ার প্রশ্নই আসে না। খালেদা জিয়া যদি র‌্যাব বাতিলের কোনো আন্দোলনে যান, তবে তা কঠোর হস্তে দমন করা হবে।
মন্ত্রী বলেন, জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনীর কতিপয় সদস্য গুলি করে হত্যা করেছে, সে জন্য উনি (খালেদা জিয়া) কি সেনাবাহিনী বাতিলের প্রস্তাব দেবেন?’
তিনি আরও বলেন, ‘আজকের এই পরিস্থিতিতে যখন র‌্যাব ও পুলিশ জঙ্গি বাহিনী দমনে সফল হয়েছে, সেই অবস্থায় ‌র‌্যাব বাতিলের কর্মসূচি বাংলাদেশকে জঙ্গিদের কাছে ইজারা দেওয়ার একটা চক্রান্ত ছাড়া কিছুই নয়।’
অনুষ্ঠানে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি দাউদ হোসেন, জিএম মোকলেস গনি, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন ও ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১৪ মে ( টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]