রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডাকতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির শনিবারের জনসভার অনুমতি না দেয়ায় বিকল্প এই কর্মসূচী দিতে যাচ্ছে দলটি।

শনিবার দুপুর ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন এ কর্মসূচি ঘোষণা করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

শুক্রবার রাতে দলের শীর্ষ নেতারা নিজেদের মধ্যে বৈঠক করে এ সিদ্ধান্ত নেন।

এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে শুক্রবার বিকেল থেকে ডিএমপিতে একাধিকবার চেষ্টা করেও জনসভার অনুমতি নিশ্চিত করতে পারেনি বিএনপি।

এ নিয়ে দলের অভ্যন্তরে ক্ষোভের সৃষ্টি হয়। এ অবস্থায় রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বরকতউল্লাহ বুলু, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল বৈঠকে বসেন।

প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে দলের পরবর্তী কর্মসূচি হিসেবে একদিন হরতালের সিদ্ধান্ত নেন। সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

এমএইস, জেএ