হাজারো মানুষের ভালোবাসায় চিরবিদায় নিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দীন চৌধুরী। এদিন প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে নেতাকর্মীদের ছিলো ব্যাপক উপস্থিতি। তার তৃতীয় জানাজা শেষে নগরীর গরিবউল্লাহ শাহ মাজারে মায়ের পাশেই দাফন করা হয় এ বর্ষীয়ান নেতাকে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দলীয় নেতাকর্মী ও স্বজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় তৃতীয় ও শেষ জানাজা। এরপর দেয়া হয় রাষ্ট্রীয় শ্রদ্ধা। পরে মোছলেম উদ্দীন চৌধুরীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

নামাজে জানাজায় ইমামতি করেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব মাওলানা আবু তালেব। জানাজার আগে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি।

জানাজায় অংশ নিয়ে নেতাকর্মীরা জানান, চট্টগ্রামের কালুরঘাট সেতু বাস্তবায়নই মোছলেম উদ্দিনের শেষ স্বপ্ন ছিল।

এর আগে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ প্রাঙ্গণে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন চৌধুরী এসেছিলেন নিথর দেহ! এবারও সঙ্গেই আসলেন তার প্রিয় নেতাকর্মীরা। প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে ছিল না তিল ধারনের ঠাই। চট্টগ্রামের রাজনীতিতে আরেকজন অভিভাবককে হারিয়ে শোকাহত আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ষাটের দশকে ছাত্রলীগের রাজনীতিতে যোগ দেয়ার মাধ্যমেই রাজনীতির সূচনা মোছলেম উদ্দীনের। এর পর তিনি কয়েক বার চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এক দশক ধরে সভাপতির দায়িত্ব পালন করেন। ২০২০ সালের উপ-নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। শেষ জীবনে এসে কালুরঘাট সেতু বাস্তবায়নের স্বপ্ন ছিলো বলে জানান আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা।

এইচএম