২০ দলীয় জোটের চলমান গণতান্ত্রিক কর্মসূচীতে ছাত্রলীগকে নাশকতা বন্ধ করার আহবান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় গণমাধ্যমে পাঠানো সংগঠনের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা এ আহবান জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ২০ দলীয় জোট যখন দেশের মানুষকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে ঠিক সেই সময় লক্ষ্য করা যাচ্ছে ছাত্রলীগের কিছু দুস্কৃতিকারী যানবাহনে পেট্রোল বোমা, ককটেল নিক্ষেপসহ নানা নাশকতা করে ২০ দলীয় জোটের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা করছে।

তারা একদিকে চলমান আন্দোলনে নাশকতা করছে অন্যদিকে সরকার আজ্ঞাবহ কিছু গনমাধ্যম এবং পোষা বুদ্ধিজীবীদের দিয়ে সেই নাশকতার দায়ভার ২০ দলীয় জোটসহ ছাত্রদলের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে।

তারা বলেন, গণমানুষের একাত্মতায় আন্দোলন যখন গতি পাচ্ছে তখন ছাত্রলীগ নাশকতার মাত্রা দিন দিন বাড়িয়ে চলমান আন্দোলন থেকে জনগণকে বিচ্যুত করার অপচেষ্টা করছে।

ছাত্রলীগকে সেই অপচেষ্টায় সর্বশক্তি দিয়ে সাহায্য করছে ছাত্রলীগের পোষ্য তথাকথিত গণজাগরণ মঞ্চ। সরকার এবং ছাত্রলীগের লোকবল ও অর্থায়নে পরিচালিত তথাকথিত গণজাগরণ মঞ্চ এখন পুরোপুরি নগ্ন হয়ে ছাত্রলীগের শাখা সংগঠন হিসেবে কাজ করছে।

নেতৃদ্বয় আরও বলেন, ক্ষমতার লিপ্সা আওয়ামী সরকারকে কতটা নিচে নামিয়েছে তা কল্পনা করাও মুশকিল। তারা অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য বিরোধী জোটের আন্দোলন সংগ্রামকে সহিংসতার রুপ দেয়ার জন্য উঠে পড়ে লেগেছে।

আওয়ামী সরকার ক্ষমতায় থাকার পরও পেট্রোল বোমা আর অস্ত্রসহ ছাত্রলীগ কর্মীদেরকে আটক করেছে পুলিশ। কিন্তু আশ্চর্যেয় বিষয় খুব দ্রুততার সাথে তাদেরকে ছেড়েও দেয়া হয়। আবার দেখা যাচ্ছে পুলিশের নাকের ডগায় নাশকতা করছে দুর্বৃত্তরা কিন্তু পুলিশ ধরতে পারছে না কিন্তু সেই নাশকতাকে কারন দেখিয়ে খুব দ্রুত বিরোধী মতের লোকদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং মামলা দেয়া হচ্ছে।

তারা বলেন, জনগণ এখন বুঝে গেছে এসব নাশকতা ঘটানোর অন্যতম উদ্দ্যেশ বিরোধী মতের নেতাকর্মীদেরকে মামলা দিয়ে গ্রেফতার করার অন্যতম কৌশল।

নেতৃদ্বয় আশা করেন, আওয়ামী লীগ তথা ছাত্রলীগ এই অপকৌশল থেকে নিজেদেরকে সরিয়ে নিবে। বিরোধী আন্দোলন দমনে নাশকতা পরিহার করবে। অন্যথায় তাদের দমন-পীড়নে ফুঁসে উঠা ছাত্রসমাজ এর দাত ভাঙ্গা জবাব দিতে বদ্ধ পরিকর।

এমএইচ/ এআর